Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মদিন আজ

 

আজ ১২ ডিসেম্বর, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মদিন। ব্রিটিশ ভারতে গণআন্দোলনের অন্যতম নায়ক, পাকিস্তান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এবং স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এই মহান নেতা ১৮৮০ সালে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন।


মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি 

মওলানা ভাসানী ছিলেন হাজি শারাফত আলী ও বেগম শারাফত আলীর পরিবারের চার সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। শৈশবে তিনি "চেগা মিয়া" নামে পরিচিত ছিলেন। ইসলামিক শিক্ষার উদ্দেশ্যে ১৯০৭ সালে দেওবন্দে যান এবং দুই বছর অধ্যয়ন শেষে আসামে ফিরে আসেন।

তিনি ১৯১৭ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ময়মনসিংহ সফরে তার ভাষণে অনুপ্রাণিত হন। ১৯১৯ সালে কংগ্রেসে যোগ দিয়ে খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন এবং এ জন্য ১০ মাস কারাভোগ করেন।

মওলানা ভাসানী ১৯২৬ সালে আসামে প্রথম কৃষক-প্রজা আন্দোলনের সূচনা করেন এবং ১৯২৯ সালে ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলনের আয়োজন করেন। এ সম্মেলনের পর থেকেই তিনি "ভাসানী" উপাধি অর্জন করেন।

তিনি ভাষা আন্দোলনের একজন অগ্রগামী সদস্য ছিলেন। ১৯৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের বাংলাকে রাষ্ট্রভাষার দাবি প্রত্যাখ্যানের প্রতিবাদ জানান। তার নেতৃত্বে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের সাফল্য আসে। পরবর্তী সময়ে তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পরও দেশের শোষিত জনগণের পক্ষে কাজ করেছেন। ভারতের ফারাক্কা বাঁধের বিরুদ্ধে ১৯৭৬ সালের ঐতিহাসিক লংমার্চ ছিল তার নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য তাকে ২০০২ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। ২০০৪ সালে বিবিসির এক জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের তালিকায় তিনি অষ্টম স্থান অর্জন করেন।

দিনটি উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ